
২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। পরে ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের বিরতি পাওয়া যাবে।
ফলে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি, ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবার বাড়ানো হয়েছে।
মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় এ ছুটি কার্যকর হবে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির চিত্র ভিন্ন। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।
এ কারণে বিশ্ববিদ্যালয়ভেদে দুর্গাপূজার ছুটির সময় আলাদা হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে, আবার কোনোটি এর আগে বা পরে অতিরিক্ত ছুটি রাখতে পারে। ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিশ্ববিদ্যালয়ের ছুটির সময়সূচি নিশ্চিত হওয়া যাবে।