
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারে চিপের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এর সুফল পাচ্ছে বিশ্বের বৃহত্তম উন্নত চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানি (টিএসএমসি)।
বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ৬৫ শতাংশ বাড়তে পারে। এ নিয়ে টানা ষষ্ঠ প্রান্তিকে রেকর্ড মুনাফার পথে রয়েছে কম্পানিটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে টিএসএমসির নিট মুনাফা বেড়ে ৭৪৬ দশমিক ৩ বিলিয়ন তাইওয়ান ডলারে পৌঁছাতে পারে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ২৩ দশমিক ৪ বিলিয়ন।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) ১৬ জন বিশ্লেষকের পূর্বাভাসের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে টিএসএমসি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে তাদের আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়ে নতুন রেকর্ড গড়েছে। বাজারের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে এ আয়।
বিশ্লেষকদের মতে, এআই অবকাঠামো নির্মাণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ টিএসএমসির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি।বিশেষ করে উন্নত প্রযুক্তির চিপ উৎপাদন এবং চিপ প্যাকেজিং প্রযুক্তি ‘কোডব্লিউওএস’ (CoWoS)-এর চাহিদা বাড়ছে।
টিএসএমসি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও অ্যাপলের গুরুত্বপূর্ণ সরবরাহকারী। এআই প্রযুক্তির বিকাশে উন্নত চিপের চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানটি এশিয়ার সবচেয়ে মূল্যবান কম্পানিতে পরিণত হয়েছে। এর বাজারমূল্য প্রায় ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার, যা দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী স্যামসাং ইলেকট্রনিকসের প্রায় দ্বিগুণ।
বাড়তে পারে বার্ষিক আয়ের পূর্বাভাস
বিশ্লেষকদের ধারণা, শক্তিশালী চাহিদার কারণে চলতি বছরের বার্ষিক আয় বৃদ্ধির পূর্বাভাস বাড়াতে পারে টিএসএমসি।গত ৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে মরগান স্ট্যানলির বিশ্লেষক চার্লি চ্যান বলেন, তিন ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি চিপের চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানটি পুরো বছরের আয় বৃদ্ধির পূর্বাভাস বর্তমান ৪০ শতাংশের বেশি অবস্থান থেকে বাড়িয়ে ৪০ শতাংশের নিম্ন থেকে মধ্যবর্তী ৪০ শতাংশের পরিসরে নিতে পারে।
বৃহস্পতিবার মুনাফার হিসাব প্রকাশের পাশাপাশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বছরের শেষ প্রান্তিকের ব্যাবসায়িক সম্ভাবনা এবং পুরো বছরের হালনাগাদ পূর্বাভাস তুলে ধরার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
যুক্তরাষ্ট্রে সম্প্রসারণের পরিকল্পনা
এআই চিপের ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে যুক্তরাষ্ট্রে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে টিএসএমসি। অ্যারিজোনা অঙ্গরাজ্যে চিপ কারখানা নির্মাণে প্রতিষ্ঠানটি মোট ২৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর মধ্যে গত জুলাইয়ে ঘোষিত অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগও রয়েছে।
এদিকে, টেক্সাসে সম্ভাব্য বিনিয়োগের বিষয়টিও বিবেচনা করছে কোম্পানিটি বলে গত সেপ্টেম্বরে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। গত সপ্তাহে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও জানান, তাঁর বিভিন্ন কোম্পানি ‘টেরাফ্যাব’ নামে একটি এআই চিপ উৎপাদন কমপ্লেক্স নির্মাণ ও পরিচালনা করবে। সেখানে টিএসএমসি কোনো অংশ সাবলিজ নিয়ে ব্যবহার করতে পারে।
মরগান স্ট্যানলির বিশ্লেষক চ্যানের মতে, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং অ্যারিজোনায় জায়গার সীমাবদ্ধতার কারণে আগামী পাঁচ বছরের মধ্যে টেক্সাসে সম্প্রসারণ প্রয়োজন হতে পারে।
তবে বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান মর্নিংস্টারের জ্যেষ্ঠ শেয়ার বিশ্লেষক ফেলিক্স লির মতে, টেক্সাসে এখনই সম্প্রসারণের তেমন জরুরি প্রয়োজন নেই। কারণ, অ্যারিজোনায় পরিকল্পিত কয়েকটি কারখানার নির্মাণকাজ এখনো বাকি।
লি বলেন, ২০৩০ বা ২০৪০-এর দশকে বড় পরিসরে সম্প্রসারণের জন্য টেক্সাস ভালো স্থান হতে পারে। সেখানে দীর্ঘদিনের সেমিকন্ডাক্টর শিল্পব্যবস্থা এবং দক্ষ জনবলের উপস্থিতি রয়েছে।
গত জুলাইয়ে টিএসএমসি চলতি বছরের মূলধনি ব্যয়ের পূর্বাভাস বাড়িয়ে ৬০ থেকে ৬৪ বিলিয়ন ডলার করে। এর আগে পূর্বাভাস ছিল ৫২ থেকে ৫৬ বিলিয়ন ডলারের মধ্যে, যার সর্বোচ্চ সীমা ছিল ৫৬ বিলিয়ন ডলার।
চলতি বছরে এখন পর্যন্ত তাইওয়ানের শেয়ারবাজারে টিএসএমসির শেয়ারের দাম বেড়েছে ৬৩ শতাংশ। একই সময়ে দেশটির সামগ্রিক শেয়ারবাজার সূচক বেড়েছে ৬৯ শতাংশ।