
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৮ বছর বয়সী আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার ১১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সোনারগাঁও থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ১৫ দিন আগে তার দুই ছেলেকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। গত ৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ছোট ছেলেকে (৮) অভিযুক্ত শিক্ষক নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে সেখান থেকে ঢাকা শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিকের নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, শিশুটির পরিচয় গোপন রেখে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।