নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় পাচারের সময় ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের পর উপজেলার চিরাং-তাড়াইল সড়কের মোজাফরপুর সীমান্ত এলাকা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে একটি টমটম গাড়িতে থাকা এসব সারসহ গাড়িটি আটক করেন তারা। স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে। এসময় গাড়ি ফেলে চালক পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। অনেক সময় বাড়তি দাম দিয়েও সার সংগ্রহ করতে হচ্ছে।
অথচ উপজেলার কিছু ডিলার কৃষকদের জন্য বরাদ্দ করা সার পার্শ্ববর্তী উপজেলায় বিক্রি করে দিচ্ছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মোজাফরপুর ইউনিয়নের কৃষক মজিবুর রহমান অভিযোগ করে বলেন, মোজাফরপুর বাজারের হোসাইন নামের এক ডিলার এসব সার অন্য উপজেলায় পাচারের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের বক্তব্য পাওয়া যায়নি।